ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে পরিচয় গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত আটক

মাদারীপুরে পরিচয় গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই সন্তানের পিতা আব্দুর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ মার্চ) অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করার সময় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


ভুক্তভোগীর পরিবার জানায়, আড়াই বছর আগে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের আব্দুর রহমান পরিচয় গোপন করে মোবাইল ফোনের মাধ্যমে দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।


জানা যায়, বৃহস্পতিবার সকালে শহরের একটি আবাসিক হোটেলে শিক্ষার্থীকে নিয়ে যায় আব্দুর রহমান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আবাসিক হোটেল থেকে নিয়ে ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি করে অভিযুক্ত আব্দুর রহমান। বিষয়টি সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। প্রথমে ভুল তথ্য দিয়ে ভর্তি করা হলেও ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান পাভেল। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।


এদিকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানান মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিক্ষার্থীর সাথে কথা হয়েছে। তার থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তিনি জানান, মূলত পরিচয় গোপন রেখে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে এই ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑